ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় কৃষক হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মণ্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের মিটন পশ্চিমপাড়া গ্রামের মহিন প্রামাণিকের ছেলে আসাদুল প্রামাণিক কালু, মোসলেম মোল্লার ছেলে আবু তাহের, আবুল কাশেমের ছেলে হাবিল হোসেন ও ওমর আলীর ছেলে মিলন। তাদের মধ্যে আবু তাহের পলাতক।


নিহত সাহাবুল ইসলাম কুষ্টিয়া সদর উপজেলার বালিয়াপাড়া চকপাড়া এলাকার মৃত লোকমান মণ্ডলের ছেলে। তবে, স্ত্রীর ছোট বোন প্রবাসে থাকায় তার মেয়েকে দেখভালে সন্তানদের নিয়ে মিরপুর উপজেলার মিটন গ্রামে পরিবারসহ বাস করতেন তিনি। সোমবার (৩০ মার্চ) এ রায় দেন জেলা ও দায়রা জজ মো. এনায়েত কবির সরকারের আদালত। দণ্ডপ্রাপ্ত আবু তাহের ছাড়া অন্য তিনজন আদালতে হাজির ছিলেন। তাদেরকে সাজা পরোয়ানা দিয়ে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।  


মামলায় বলা হয়েছে, ২০১৯ সালের ২০ অক্টোবর বাড়ি থেকে স্থানীয় বাজারে গিয়ে নিখোঁজ হন সাহাবুল ইসলাম। পরদিন সকালে উপজেলার নওদা আজমপুর মাঠপাড়ার ধৈঞ্চাখেতের আইল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওইদিনই মিরপুর থানায় মামলাটি করেন নিহতের স্ত্রী সুমি খাতুন। 


মামলাটির তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম জাবীদ হাসান প্রথমে আসাদুল প্রামাণিক কালুকে গ্রেপ্তার করেন। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যে আবু তাহের, হাবিল হোসেন ও মিলনকে গ্রেপ্তার করা হয়। গ্রাম্য দলাদলির জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে সাহাবুলকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা। 


আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) খন্দকার সিরাজুল ইসলাম জানান, মূলত গ্রাম্য দলাদলিতে প্রতিপক্ষকে ফাঁসাতে সাহাবুল ইসলামকে হত্যা করেন আসামিরা। আদালতে দোষ স্বীকার এবং স্বাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে চার আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page